বেইলি সেতু ভেঙ্গে নদীতে বালুবোঝাই ট্রাক, সড়ক যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত বেইলি সেতু ধসে বালুবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ধোবাউড়ার সঙ্গে ময়মনসিংহ, নেত্রকোনা ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। তবে বিকল্প কিছু সড়ক ব্যবহার করে সীমিত আকারে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) ভোররাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি একটি ট্রাক সেতু পার হওয়ার সময় হঠাৎ করে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের এক হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সেতুটি ভেঙে যাওয়ার পর থেকেই তারাকান্দা-ধোবাউড়া এবং ময়মনসিংহ-নেত্রকোনা সংযোগ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে জরুরি সেবা ও পণ্য পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির বিভিন্ন অংশে ফাটল ও কাঠামোগত দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি শেষ পর্যন্ত ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, সেতুর অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। বারবার সতর্ক করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলেই পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ঘটনার পর ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রায় এক দশক আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। রবিবার ভোরে সেটি ধসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দ্রুত সেতু মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।








