কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। প্রাথমিকভাবে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করে মাটিয়ারায় সমবেত হন তারা। সেখান থেকেই আকস্মিকভাবে মিছিলটি বের করা হয়।
মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধাওয়া করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে। একই সঙ্গে মিছিলে ব্যবহৃত কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।
ওসি রকিবুল ইসলাম জানান, প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে এবং তিনটি হাইয়েস মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।








