Logo

পদোন্নতি পেয়েই বাবার কবর জিয়ারত করলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
৯ জুন, ২০২৬, ১২:০১
পদোন্নতি পেয়েই বাবার কবর জিয়ারত করলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম
ছবি: প্রতিনিধি

সম্প্রতি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়া রেজাউল করিম মল্লিক নিজ জন্মস্থান মাদারীপুরের শিবচরে সফর করেছেন। সফরের শুরুতেই তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে শিবচরে পৌঁছান রেজাউল করিম মল্লিক। এ সময় তাঁর মেঝো ভাই মো. আবুল কালাম মল্লিক, পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রেজাউল করিম মল্লিক এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হন।

শিবচরের কৃতী সন্তান রেজাউল করিম মল্লিকের এই পদোন্নতিতে স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

পরে তিনি শিবচর থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। সেখানে থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দালালি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সফরের একপর্যায়ে শিবচর থানা প্রাঙ্গণে একটি পরিবেশবান্ধব ফলজ গাছ অ্যাভোকাডোর চারা রোপণ করেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এই সফর শিবচরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD