প্রেমের টানে দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে

প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে লালমনিরহাটে এসে এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন এক কোরিয়ান যুবক।
বিজ্ঞাপন
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কয়েক বছর আগে ওই যুবক ও জান্নাতুল ফেরদৌস মারিয়ার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।
মারিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলগেট সংলগ্ন পাঙ্গাটারী এলাকার বাসিন্দা আফজাল হোসেনের মেয়ে। তিনি বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের আগে স্থানীয় একটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন কোরিয়ান যুবকটি। পরে ধর্মীয় বিধান অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
বিদেশি যুবকের ইসলাম ধর্ম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ে করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। নবদম্পতিকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, ভালোবাসার টানে ভিনদেশ থেকে ছুটে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার ঘটনা এ এলাকায় খুব একটা দেখা যায় না। তাই এই প্রেম ও বিয়ের গল্প এখন মানুষের মুখে মুখে।







