Logo

এবার চট্টগ্রামে চরম উত্তেজনা, মুখোমুখি অবস্থানে বিএনপি-এনসিপি

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৯ জুলাই, ২০২৬, ১৮:২৬
এবার চট্টগ্রামে চরম উত্তেজনা, মুখোমুখি অবস্থানে বিএনপি-এনসিপি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

এর আগে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। সেই কর্মসূচি ঘিরেই জামালখান প্রেসক্লাব এলাকায় এনসিপির নেতাকর্মীরা সমবেত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে একই স্থানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

বিজ্ঞাপন

এনসিপির নেতাকর্মীদের দাবি, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। তাদের অভিযোগ, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর অধিকার প্রয়োগ করতেই তারা সেখানে সমবেত হন।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদ জানাতে তারা প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়েছেন। তাদের ভাষ্য, এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তারা কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিস্থিতি সম্পর্কে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তবে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়, সে জন্য পুলিশ দুই দলের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD