পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারার মধ্যে সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে এনসিপির গাড়িবহরের গতিরোধ করা হয়।
গাড়িবহর থামিয়ে দেওয়ার পর গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতাদের।

একপর্যায়ে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু প্রমুখ। শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা কন্যা ভাস্কর্য এলকায় শ্রীমঙ্গল - শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শতশত গাড়ি আটকা পড়ে।
এ বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির গাড়িবহরকে সেখানে আটকে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।








