পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহর। দীর্ঘ সময় বাগ্বিতণ্ডার পর শেষ পর্যন্ত ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেখানে পৌঁছে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের চা–কন্যা ভাস্কর্যের সামনে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে কথোপকথন ও তর্ক-বিতর্ক চলে। পরে বিকেল পাঁচটার দিকে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে যাত্রা অব্যাহত রাখেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিপির বহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
দলটির নেতাদের অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রার সময় পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে এবং নির্দিষ্ট স্থানে গাড়িবহর থামিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য সড়কে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা একযোগে এগিয়ে গিয়ে ব্যারিকেড অতিক্রম করেন।
বিজ্ঞাপন

এর আগে হবিগঞ্জ পৌর এলাকায় বুধবার বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রদল। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন। এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে পৌঁছে সাম্প্রতিক ঘটনাবলি ও তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।








