দীঘিনালায় অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে ঢেউটিন প্রদান করেছে দীঘিনালা জোন।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। তাঁর উপস্থিতিতে পাহাড়ের বিভিন্ন এলাকার অসহায় মানুষ ও প্রতিষ্ঠানগুলোর মাঝে সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।
বিজ্ঞাপন
সহায়তার আওতায় ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানা-এর শিক্ষার্থী ও এতিমদের জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা মোঃ বাচ্চু মিয়া এবং ক্রিস ত্রিপুরার চিকিৎসা ব্যয় নির্বাহে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছাঃ জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ সহায়তা পেয়ে উপকারভোগীরা নতুন করে ঘর নির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, দুর্গম পাহাড়ে অনেক সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। এমন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা তাদের জীবনে আশার আলো হয়ে এসেছে।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।








