Logo

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের উপচে পড়া ভিড়

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৭ জুন, ২০২৬, ১২:৩৫
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ভিড় জমিয়েছেন হাজারো চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বুধবার (১৭ জুন) দুপুর ১টায় সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচিতে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেকও প্রদান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলে সকাল থেকেই দলে দলে মানুষ জড়ো হতে থাকেন। চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা বর্ণিল পোশাকে অনুষ্ঠানে অংশ নিতে আসেন। মাঠের একাংশে উপকারভোগীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগানের পরিবহনে করেই তারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার আগ্রহেই তারা মাঠে এসেছেন।

চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, চায়ের অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য আনন্দের বিষয়। একই সঙ্গে তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সড়কের পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD