মেহেরপুরে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিস্বরূপ লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) সকালে গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল— এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।
বিজ্ঞাপন
দোকান মালিক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসা শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।








