প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন বৃদ্ধা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দোয়া করেছেন স্থানীয় এক বৃদ্ধা। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, দেশের অগ্রগতির জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলেই তাদের আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞাপন
সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানের জন্য স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী এক বছরে ৪০ লাখ কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। অথচ একটি রাজনৈতিক দল এটিকে জনবিরোধী হিসেবে আখ্যায়িত করছে। তিনি দাবি করেন, জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জেলার অনেক গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়ন বিএনপির শাসনামলে, বিশেষ করে প্রয়াত এম সাইফুর রহমানের সময় বাস্তবায়িত হয়েছিল।
তিনি আরও বলেন, তারা খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত এবং বাংলাদেশের স্বার্থই তাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য।








