লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৮ জুন) রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল বাড়ির পূর্ব পাশের ঘরে ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম সদ্য সন্তান প্রসবের কারণে শাশুড়ির সঙ্গে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ উঠানে শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বের হয়ে দেখেন, সোহেলের মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে এবং পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে সোহেলকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার পর নিশ্চিত করতে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল সিডারচর এলাকা থেকে ভাঙারি মালামাল এনে ব্যবসা করতেন। এর আগে তিনি ২০২২ সালে বিদেশি মদসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. কামরান হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।








