কিশোরগঞ্জে কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, পুত্রের হাতে বাবা নিহত

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামে কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৭০) মূলত সদর উপজেলার বড় খাপন গ্রামের বাসিন্দা হলেও কয়েক বছর আগে চৌধুরীহাটি গ্রামে বাড়ি কিনে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি পাকা কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক ও তার বড় ছেলে মো. আলম (৩৫)-এর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, এ সময় আলম ক্ষিপ্ত হয়ে তার বাবার গলা চেপে ধরেন। এতে আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, তার ছেলে আলমের আঘাতেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। ঘটনার পর আলম ও তার স্ত্রী রেখা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান বলেও জানান তিনি।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রাজ্জাকের দুই ছেলে রয়েছে। বড় ছেলে আলম বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক। ছোট ছেলে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত আলম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।








