Logo

পিরোজপুরে ‘মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২০ জুন, ২০২৬, ১৭:৫৭
পিরোজপুরে ‘মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা
ছবি: সংগৃহীত

পিরোজপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে পিরোজপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে পার্টনার হিসেবে সহযোগিতা করে জেলা পরিষদ, পিরোজপুর।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে এবং মাদকের সঙ্গে সম্পৃক্তদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে প্রকাশ্যে টানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে সমাজের মানুষ তাদের সম্পর্কে সচেতন হতে পারে। পাশাপাশি পিরোজপুরে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ অনেকে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা পিরোজপুর জেলার মাদকের বর্তমান পরিস্থিতি, এর ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় পরিবার ও সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধীজন, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD