Logo

লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি গড়েছেন শাম্মী তুলতুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২০ জুন, ২০২৬, ১৮:০৬
লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি গড়েছেন শাম্মী তুলতুল
ছবি: সংগৃহীত

জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে দুই বাংলার সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। সমকালীন বাংলা সাহিত্যে বহুমাত্রিক পরিচয়ে কাজ করা লেখকদের মধ্যে তিনি এখন একটি আলোচিত নাম।

বিজ্ঞাপন

সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুল ছোটবেলা থেকেই পেয়েছেন সৃজনশীল পরিবেশ। তাঁর দাদা আব্দুল কুদ্দুস মাস্টার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, লেখক এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু। তাঁর নানী কাজী লতিফা হক ছিলেন পত্রিকার পরিচিত লেখক। পারিবারিক ঐতিহ্য থেকেই তাঁর মধ্যে গড়ে ওঠে সাহিত্যচর্চার আগ্রহ।

শৈশব থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত শাম্মী তুলতুল বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় নিয়মিত লিখে আসছেন। তাঁর লেখা প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ, প্রথম আলো, সমকাল, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, খোলা কাগজ, আজাদী, পূর্বকোণ, শিশু নবারুণসহ বিভিন্ন গণমাধ্যমে।

বিজ্ঞাপন

দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাংলা পত্রিকাতেও রয়েছে তাঁর লেখার উপস্থিতি। প্যারিস, কানাডা, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া ও জার্মানির বাংলা পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি অর্জন করেছেন পরিচিতি ও প্রশংসা।

ছোটবেলায় নাচ, গান, আবৃত্তি ও খেলাধুলায় আগ্রহী শাম্মী তুলতুল সময়ের সঙ্গে লেখালেখিকে নিজের প্রধান পরিচয় হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, সাংবাদিক, সংবাদ পাঠিকা, রেডিও অনুষ্ঠান পরিচালক, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল হিসেবে পরিচিত।

বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ ‘নরকে আলিঙ্গন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে—‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু’, ‘মনজুয়াড়ি’, ‘একজন কুদ্দুস ও কবি নজরুল’, ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’, ‘নান্টু ঝান্টুর বক্স রহস্য’, ‘গণিত মামার চামচ রহস্য’ ও ‘ভূত যখন বিজ্ঞানী’।

বিজ্ঞাপন

শিশু-কিশোর সাহিত্যেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তাঁর লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্পটি দীপ্ত টিভিতে নাট্যরূপে প্রচারিত হয়েছে। তাঁর রচনায় নির্মিত ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ। এছাড়া তাঁর একটি গল্প ভারতে গবেষণার কাজেও ব্যবহৃত হচ্ছে।

সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে শাম্মী তুলতুল পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে রয়েছে কবি রোকেয়া সুফিয়া কামাল সম্মাননা, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারি সম্মাননা, উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা। সম্প্রতি তিনি পেয়েছেন ‘রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬’।

বিজ্ঞাপন

সাহিত্যের পাশাপাশি গণমাধ্যমেও রয়েছে তাঁর সক্রিয় পদচারণা। রেডিওতে খবর পাঠের পাশাপাশি টেলিভিশনে আবৃত্তি পরিবেশন করেন তিনি। সম্প্রতি বেগম রোকেয়া চরিত্রে ম্যাগাজিনের কভার মডেল হিসেবেও আলোচনায় আসেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাম্মী তুলতুল বলেন, “লেখালেখি আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের হৃদয়ে আলো পৌঁছে দেওয়ার একটি দায়িত্ব।” তিনি বিশ্বাস করেন, সাহিত্য মানুষের চিন্তা ও চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

প্রতিকূলতা ও সামাজিক বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি করা শাম্মী তুলতুল আজ সমকালীন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল মুখ। তাঁর কলম সমাজ, মানবিকতা ও প্রেরণার বার্তা ছড়িয়ে যাচ্ছে দুই বাংলার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD