Logo

নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
২০ জুন, ২০২৬, ১৮:১৬
নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে দাবি করে মামলা প্রত্যাহার ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নুরজাহানপুর ও বড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি বড়বাড়ি এলাকার মোস্তাক আহমেদের ছেলে রিফাত গত ১৪ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাশপাড়া গ্রামের সমীর দাশের বাড়িতে যান। পরে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে এলোপাতাড়ি গুলি চালায়। পরবর্তীতে তাকে হত্যা করে নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর শুটকিকান্দি জিরো পয়েন্ট এলাকার চরে মরদেহ ফেলে রাখা হয় বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত ১৮ জুন নিহত রিফাতের স্বজন মুক্তা আক্তার (২৫) নবীনগর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলায় নুরজাহানপুর গ্রামের মৃত সুদন মিয়ার ছেলে মুন্নাফ ওরফে মনেক মিয়া (৫৪), তার দুই ছেলে সুমন মিয়া (২৯) ও রোমনা মিয়া (২৬)সহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল বাতেন, খাদিজা আক্তার, আমেনা বেগম ও মামলার অভিযুক্ত মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নাছির মিয়া, দেলু মেম্বার, শিপন মেম্বার, সোহাব আলী সরদার, খাদিজা আক্তার, আমেনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধ মানুষকে মামলায় জড়ানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ থেকে নির্দোষ ব্যক্তিদের অব্যাহতি দিতে হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD