কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে নিহত ২

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুনও ধরে যায়।
বিজ্ঞাপন
রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫)। আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং রতনের বাড়ি কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথর নিয়ে ট্রাকটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের নিচু স্থানে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই যানবাহনটিতে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় নিহত সহকারী রতনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ।








