সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলার অভিযোগ

নওগাঁর সাপাহার উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক দম্পতির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মেহেদী হাসানের পরিবারের সঙ্গে নিকট আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
বিজ্ঞাপন
এ নিয়ে গত ২ জুন মেহেদীর মা প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রতিপক্ষ পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মেহেদীর বাবা মো. রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রীকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা তাদের মারধর করে আহত করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দম্পতিকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত দম্পতির ছেলে মো. মেহেদী হাসান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছেন।
বিজ্ঞাপন
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।








