Logo

লংগদুতে মসলা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতিতে প্রশিক্ষণ

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২১ জুন, ২০২৬, ১৫:০৪
লংগদুতে মসলা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতিতে প্রশিক্ষণ
ছবি: প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে চলতি মৌসুমে মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে। পাহাড়ি জমিতে মসলা চাষের অনুকূল পরিবেশ, বাজারে ভালো চাহিদা ও সন্তোষজনক দাম পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ চাষে আগ্রহ দিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন

মসলা চাষকে আরও আধুনিক ও লাভজনক করতে গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টায় লংগদুর তিনটিলা এলাকায় আধুনিক চাষ পদ্ধতির ওপর দিনব্যাপী কারিগরি আলোচনা, মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। অনুষ্ঠানে আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, পাহাড়ি জমিতে বর্তমানে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাপক আকারে আদা ও বিভিন্ন মসলা জাতীয় ফসলের চাষ হচ্ছে। পাহাড়ে উৎপাদিত এসব মসলার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে কৃষকদের যেকোনো ধরনের কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে আমরা সবসময় প্রস্তুত।

বিজ্ঞাপন

দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে মসলা চাষ, রোগবালাই নিয়ন্ত্রণ, পরিচর্যা এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ও লাভজনক হওয়ায় পাহাড়ি এলাকায় মসলা চাষের এই ধারা আগামীতে আরও বিস্তৃত হবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD