Logo

মানিকছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে বিদ্যালয় সংস্কার

profile picture
উপজেলা প্রতিনিধি
মানিকছড়ি, খাগড়াছড়ি
২১ জুন, ২০২৬, ১৫:৪৪
মানিকছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে বিদ্যালয় সংস্কার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাহাড়ি দুর্গম এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন।

বিজ্ঞাপন

মানিকছড়ির দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পুনঃসংস্কার করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ে একটি নতুন বারান্দা নির্মাণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

বিদ্যালয় সংস্কার ও শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। তিনি নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন ও দেশ গঠনে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষা হলো জাতির উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। শিক্ষার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মারমা বলেন, ২০১২ সালে প্রতিষ্ঠিত এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক স্থানীয়দের সহযোগিতায় জরাজীর্ণ আধাপাকা টিনসেট ভবনে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান দিয়ে আসছেন। সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্যালয়টি নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দুর্গম এ অঞ্চলে শিক্ষার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD