নরসিংদীতে র্যাব সদস্যের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ৩

নরসিংদীতে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সদস্যদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) দুপুরে নরসিংদী সদর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন বেলদীর মোড় এলাকায় মদিনা মটরস হিরো শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
মামলার বাদী র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কনস্টেবল মো. মিজানুর রহমানের অভিযোগ সূত্রে জানা গেছে, র্যাব-১১ সিপিএসসির সিনিয়র অফিসার মো. মুইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ সময় শোরুমের কর্মচারী আলাল নামে এক ব্যক্তি এসে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়, পরে আলালের সঙ্গে থাকা আশিক নামে আরেক ব্যক্তি এসে কনস্টেবল মিজানুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় হিরো শোরুমের মালিক মো. মাজেদুল ইসলাম এসে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে মিজানুর রহমানের বাম পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে মিজানুর রহমান মাটিতে পড়ে গেলে তাকে আবারও মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় আশিক নামে ওই ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
পরে মিজানুর রহমানের চিৎকার শুনে র্যাবের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় হিরো শোরুমের মালিক মো. মাজেদুল ইসলাম, কর্মচারী মো. আলাল ও আশিক নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পানছড়িতে লোগাং জোন বিজিবির মানবিক উদ্যোগ
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।








