Logo

পানছড়িতে লোগাং জোন বিজিবির মানবিক উদ্যোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
২১ জুন, ২০২৬, ১৫:৫৫
পানছড়িতে লোগাং জোন বিজিবির মানবিক উদ্যোগ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের (লোগাং জোন) উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) উপজেলার ২ নম্বর চেঙ্গী ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রত্যন্ত এলাকার দুই শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে নেতৃত্ব দেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর নাইমুল মুশফিক নাইম এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফজলুল বারি জিহান।

বিজ্ঞাপন

চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা, ফুটবল ও ক্যারামবোর্ড বিতরণ করা হয়। এসব সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমার হাতে তুলে দেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল হোসেন, পিএসসি (সেবা)।

এছাড়া স্থানীয় জগৎমহন পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে জোন কমান্ডারের উদ্যোগে একটি ‘শেলো টিউবওয়েল’ (নলকূপ) স্থাপন করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল হোসেন, পিএসসি (সেবা) বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুর্গম এলাকার স্থানীয় বাসিন্দারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD