শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন, ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
সভায় বক্তারা জানান, বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমে ৭ নারী-শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় সতর্কতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে হবে। ওপার থেকে পুশইনের কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর পৌঁছে দেওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক কোনো নারী, পুরুষ বা শিশুকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
তিনি আরও বলেন, কেউ নিজ উদ্যোগে পুশইনের মাধ্যমে আসা কোনো ব্যক্তির দায়িত্ব নেবেন না। বিজিবি খবর পেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।








