কটিয়াদীতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সঙ্গে সম্পৃক্ত করতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশিদ।
বিজ্ঞাপন
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অতিরিক্ত উপপরিচালক শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউছার মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন সানি, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ অনেকে।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির সুফল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
পরে অতিথিরা অনুষ্ঠানের প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।








