গৌরীপুরে তামাক নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত

ময়মনসিংহের গৌরীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে অবৈধ বিজ্ঞাপন অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়ন জোরদারের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে— তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ তামাকপণ্যের বিজ্ঞাপন অপসারণ, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকপণ্য বিক্রি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকপণ্যের দোকান উচ্ছেদ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
বিজ্ঞাপন
সভায় ধূমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দিবাকর ভাট। সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য ও সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন তামাকবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে আইন বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। এ জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।








