Logo

কাপ্তাইয়ে বন্য হাতির উপদ্রবে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপ্তাই, রাঙ্গামাটি
৫ জুলাই, ২০২৬, ১৩:৩৫
কাপ্তাইয়ে বন্য হাতির উপদ্রবে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
ছবি: প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী বন রেঞ্জের ফ্রিংখং বিট অফিসসংলগ্ন চিৎমরম মুসলিমপাড়া এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে স্থানীয়দের বাড়িঘর, ফসল ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই বন্য হাতির পাল লোকালয়ে প্রবেশ করে কলাবাগান, বিভিন্ন ধরনের ফসল, ঘরবাড়ি, আসবাবপত্রসহ নানা সম্পদের ক্ষতি করছে। এতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এলাকাবাসী বলেন, বন্য হাতি দেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। তাই হাতির কোনো ক্ষতি না করে মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, হাতির স্বাভাবিক চলাচলের করিডোর দখল করে অনেক স্থানে বসতি গড়ে তোলা হয়েছে। এতে হাতির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে প্রবেশ করছে। এ কারণেই ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রের দাবি, নির্বিচারে বন উজাড়ের কারণে হাতির খাদ্য সংকটও প্রকট আকার ধারণ করেছে। ফলে হাতির পাল লোকালয়ে ঢুকে ফসল, ঘরবাড়ি ও অন্যান্য সম্পদের ক্ষতি করছে। অতীতেও হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে তারা জানান।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, হাতির চলাচলের করিডোর সংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলো পর্যায়ক্রমে নিরাপদ স্থানে পুনর্বাসন এবং বনে হাতির খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা গেলে মানুষ-হাতির দ্বন্দ্ব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD