সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, ফিরছে স্বস্তি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির পর সুনামগঞ্জে স্বস্তির আভাস মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রোদ ওঠার পাশাপাশি জেলার বিভিন্ন নদ-নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার অধিকাংশ নদ-নদীর পানি এখন নিম্নমুখী। ছাতক পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগের তুলনায় এর উচ্চতা কমেছে।
অন্যদিকে, সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যাদুকাটা নদীর লাউড়েরগড় ও দিরাই পয়েন্টেও পানির উচ্চতা কমেছে।
গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাইসহ জেলার প্রায় সব নদ-নদীর পানি দ্রুত বেড়ে যায়। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, তলিয়ে যায় গ্রামীণ সড়ক এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সোমবার বিকেল থেকে বৃষ্টি না হওয়া এবং আবহাওয়া পরিষ্কার থাকায় নদ-নদীর পানি নামতে শুরু করেছে। প্লাবিত অনেক গ্রামীণ সড়ক থেকে পানি সরে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যদিও কিছু এলাকায় এখনো পানি রয়েছে, তবে আগের তুলনায় স্রোতের তীব্রতা অনেকটাই কমেছে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের ভোগান্তির পর রোদের দেখা মেলায় তারা স্বস্তি অনুভব করছেন। তবে নিচু এলাকায় এখনো পানি জমে থাকায় পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু সময় লাগবে বলে তাদের ধারণা।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক জানান, সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। পাশাপাশি যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, সেসব স্থানেও পরিস্থিতির উন্নতি হচ্ছে।








