Logo

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৪ জুলাই, ২০২৬, ১৫:৪৩
ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল মোড়ে জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বহন করা ব্যানারে লেখা ছিল, বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— স্বাভাবিক আবহাওয়া ও নিরাপদ পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের মান যৌক্তিক রাখা, যৌক্তিক কারণে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের প্রকাশ্য জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষার্থীদের দাবি, জবাবদিহি সন্তোষজনক না হলে তাকে পদত্যাগ করতে হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’ এবং ‘নিরাপত্তাই সবার আগে, আমাদের নিরাপত্তা আমাদের অধিকার’— এমন নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকেই বুকসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের কষ্ট উপেক্ষা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের বর্তমান আবহাওয়া বিবেচনায় চলমান পরীক্ষা স্থগিত করা উচিত। তার অভিযোগ, শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনের পরিবর্তে শুধু পরীক্ষা ব্যবস্থায় কঠোরতা বাড়ানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ও কড়াকড়ি থাকলেও শিক্ষার মানোন্নয়নে কার্যকর পরিবর্তন দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

বিজ্ঞাপন

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। তবে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD