নিজ বাড়ির সামনেই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় জাহিদুল আলম জাহাঙ্গীরের বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে বাড়ির সামনে অবস্থানকালে তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাহিদুল আলম জাহাঙ্গীরের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকি দুজন পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।








