প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা চার বছরের প্রেমের সম্পর্কের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরের জাজিরায় এসেছেন মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক তরুণ। তার আগমনের উদ্দেশ্য ছিল জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তানজিলা (১৯)-কে বিয়ে করা।
বিজ্ঞাপন
ইতোমধ্যে শরীয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নবদম্পতি শিগগিরই পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই আন্তঃদেশীয় বিয়ে স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি সম্ভাব্য মানবপাচারের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে লাহোরের বাসিন্দা উর্দুভাষী মোজাম্মেল হোসাইনের সঙ্গে তানজিলার পরিচয় হয়। নিয়মিত চ্যাটিং ও ভিডিও কলে যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সেই সম্পর্কের ধারাবাহিকতায় গত ১১ জুলাই লাহোর থেকে সরাসরি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি গ্রামের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় তানজিলার বাড়িতে পৌঁছান মোজাম্মেল। পরে সেখানেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
তানজিলার মা আসমা আক্তার বলেন, ছেলের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। মেয়েকে এত দূরে বিয়ে দিতে কষ্ট লাগলেও তাদের পরিবারের প্রতি আস্থা রয়েছে এবং এ বিষয়ে কোনো শঙ্কা নেই।
তবে পরিবারের এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না স্থানীয়দের একটি অংশ। তানজিলার ফুফু রাত্রি আক্তার ও চাচাতো চাচা তোফাজ্জল শিকদার বলেন, প্রেমের ফাঁদে ফেলে বিদেশে নারী পাচারের নানা ঘটনা সামনে এসেছে। তাই ছেলের পরিবারের কোনো অভিভাবক ছাড়াই একটি মেয়েকে পাকিস্তানে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। দ্রুত খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। তদন্তে কোনো অনিয়ম বা আইনি জটিলতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে এই আন্তঃদেশীয় বিয়ের ক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি বা আইনি জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।








