পাকিস্তান থেকে খাদ্যপণ্য আনবে বাংলাদেশ, ইসলামাবাদ নেবে পাট

বাংলাদেশ ও পাকিস্তান খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে একটি সমঝোতায় পৌঁছেছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। রবিবার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশ সফর করে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশের মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অসিম আজিম সিদ্দিকি জানান, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ, কারণ দেশটিতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও একমত হয় দুই পক্ষ। এর অংশ হিসেবে ভবিষ্যতে উভয় দেশ আরও বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময় করবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং সরকারি পর্যায়ে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, যা ব্যবসা-বাণিজ্যকে আরও সহজ করবে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটির ভাষ্য, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে সাধারণ কূটনৈতিক যোগাযোগের বাইরে নিয়ে খাদ্য সরবরাহ ও বাণিজ্যভিত্তিক সহযোগিতার নতুন পর্যায়ে পৌঁছে দিতে পারে।








