চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, একনজর দেখতে ভিড়

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের বিরল আকৃতির একটি কোরাল মাছ। সচরাচর এত বড় কোরাল দেখা না যাওয়ায় মাছটি একনজর দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা, মাছ ব্যবসায়ী ও উৎসুক সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের এই বিশাল মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। বাজারে আনার পর থেকেই মাছটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকেই স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের একটি মাছ ধরার ট্রলারের জালে কোরালটি ধরা পড়ে। বিশাল আকার ও ওজনের কারণে ট্রলার থেকে মাছটি নামাতে ক্রেনের সাহায্য নিতে হয়েছে। পরে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে আনা হয়। বাজারে পৌঁছানোর পর ১২ থেকে ১৫ জনের একটি দল মিলে মাছটি পিকআপ থেকে নামিয়ে দোকানে তোলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মাছটির প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। আগামী শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, বাংলাদেশে কোরাল অত্যন্ত মূল্যবান একটি সামুদ্রিক মাছ এবং এর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই মনে হয়েছে। স্থানীয়ভাবে অনেকে এটিকে কৈ কোরাল নামে চেনেন। তবে পরীক্ষা ছাড়া মাছটির বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছটির দেহ চ্যাপ্টা ও কিছুটা গোলাকার আকৃতির। এর পিঠ ও পেছনের পাখনা লেজ পর্যন্ত বিস্তৃত হওয়ায় দূর থেকে দেখতে তিনটি লেজ রয়েছে বলে মনে হয়। এছাড়া শরীরজুড়ে থাকা বাদামি ছোপও কৈ কোরাল প্রজাতির মাছের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
বিজ্ঞাপন








