Logo

চুনারুঘাটে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
২ আগস্ট, ২০২৬, ১৫:৫৬
চুনারুঘাটে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে এক শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ২৩ জুলাই হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি করেন। অভিযুক্ত মো. রুহল আমীন (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে ভুক্তভোগী নারীর সঙ্গে রুহল আমীনের ছেলে মাসুক মিয়ার বিয়ে হয়। মাসুক মিয়া দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় দেশে ফিরে আসেন। এরপর শাশুড়ির মৃত্যুর পর এবং স্বামীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্ত শ্বশুর পুত্রবধূকে বিভিন্ন সময় অশালীন প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বর্ণনা অনুযায়ী, গত ২১ জুন সকাল ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে গেলে অভিযুক্ত আবারও তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দিয়ে ওই নারী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অভিযোগে বলা হয়, পরে শ্বশুর শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার অসুস্থ স্বামী এবং আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে সরে যান। পরে স্বজনরা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

ঘটনার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে গেলে অভিযুক্ত তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতের মাধ্যমে বিচার চেয়ে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মীর আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD