Logo

কারাগারে নেওয়ার পথে গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৫ আগস্ট, ২০২৬, ১৮:০৭
কারাগারে নেওয়ার পথে গাজী সালাউদ্দিনকে ডিম নিক্ষেপ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর তাকে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশ কার্যকরের জন্য তানভীরকে আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ওপর হামলার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তিনি সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে উসকানিমূলক বক্তব্য থাকায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে তানভীর পোস্টটি মুছে ফেলেন।

কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এটা তাদের দলের পক্ষ থেকে আবেগের বহিঃপ্রকাশ। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি।

রিমান্ডের বিষয়ে ইকবাল বাহার বলেন, আমরা রিমান্ডের আবেদন করব। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে নিয়ে ওই পোস্ট দেওয়ার ঘটনার পর গত ১ আগস্ট এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছিল। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দল থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়।

আইন আদালত

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD