শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলি ও সংগঠনের অবস্থান তুলে ধরতে রাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া রাত ৯টায় পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ, সংগঠনের অবস্থান এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার, কর্মসূচি পালন ও সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে একাধিক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রশিবির, ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন পরস্পরের বিরুদ্ধে হামলা, কর্মসূচিতে বাধা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছে।
গত রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে ছাত্রদলের হামলার অভিযোগ ওঠে। এর পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তবে ছাত্রশিবিরের তোলা হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।








