জিয়ানগরে ফলজ গাছ কাটার অভিযোগ, ৫০ হাজার টাকার ক্ষতি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরখোলপটুয়া গ্রামে জমির সীমানায় থাকা ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী গফফার শরিফের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চরখোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁর ও পান্না মিয়ার জমির দাগ একই হওয়ায় পাশাপাশি জমিতে রয়েছে। পান্না মিয়া তাঁর জমিটি একই গ্রামের মৃত হামেজ উদ্দিন শরিফের ছেলে গফফার শরিফের (৬০) কাছে বর্গা দিয়েছেন। শনিবার সকালে ধান চাষের জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় গফফার শরিফের লোকজন পাশের তাঁর জমিতে থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গাছ কাটার সময় মোস্তাফিজুর রহমানের ভায়রার মেয়ে তাদের বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোস্তাফিজুর রহমান বলেন, গফফার শরিফ অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করলেও আমার জমিতে থাকা গাছগুলো কাটার আগে আমাকে কিছুই জানাননি। আমি বাড়িতে না থাকার সুযোগে গাছগুলো কাটা হয়েছে। পরে আমার ভায়রার মেয়ে ফোন করে বিষয়টি জানালে বাড়িতে এসে দেখি, জমিতে থাকা ৯টি আমগাছ, ২টি সুপারি গাছ, ১টি সফেদা গাছ ও ৪টি কাঁঠাল গাছের মধ্যে কয়েকটি কেটে ফেলা হয়েছে। এতে আমার আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত গফফার শরিফের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গাছ কাটার বিষয়টি ভুক্তভোগী মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








