খুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার শ্রীরামপুর এলাকার রূপসা ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
নিহত ফখরুল শেখ উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই এবং রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন।
স্থানীয়রা জানান, ফখরুলের ভাই ফরহাদ হোসেন ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করেন। ফখরুল নিয়মিত ইটভাটা ও মাছের ঘের দেখাশোনা করতেন। মঙ্গলবার রাতে তিনি ভাটায় যান। এর আগে বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার পর তৈয়ব রাতে দায়িত্ব পালন করতে আসেননি বলে জানা গেছে।
রাতে ভাটার অফিস কক্ষের পাশে অবস্থানকালে একদল অস্ত্রধারী ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার ঘাড়ে এবং আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় লাগে। পরে খবর পেয়ে তার ভাই ফরহাদসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের ভাই ফরহাদ হোসেন বলেন, তার ভাই ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ভাটার ক্যানেলে তিনি মাছ চাষ করতেন। রাতে মেয়ের ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ভাটায় যাওয়ার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাত ১২টা ১১ মিনিটে ফখরুলের এক বন্ধু ফোন করে তাকে দ্রুত ভাটায় আসতে বলেন। খবর পেয়ে সেখানে গিয়ে অফিসের পাশে ভাইকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় মামলা করেছেন।
রূপসা থানার ওসি (তদন্ত) জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।








