যশোরে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সহোদর বোন বলে জানা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলীর মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
স্থানীয়রা জানান, জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। পরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয়দের সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে সিঁড়ির নিচে শিশুদের ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হৃদস্পন্দন ছিল না। ইসিজি পরীক্ষার পরও শরীরে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








