Logo

কৃষকের জন্য বরাদ্দ ধানের বীজ মিলল জামায়াত নেতার মাদ্রাসায়

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ আগস্ট, ২০২৬, ১৮:১৫
কৃষকের জন্য বরাদ্দ ধানের বীজ মিলল জামায়াত নেতার মাদ্রাসায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের কথা ছিল। তবে ওই জামায়াত নেতা তা বিতরণ করেননি।

বিজ্ঞাপন

অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

লোহাগাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মাদ্রাসাটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ। পরিদর্শনের সময় তিনি মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে কক্ষটি খোলার নির্দেশ দেওয়া হলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে এসব বীজ পাঠানো হয়। নিয়ম অনুযায়ী আরও প্রায় ১৫ দিন আগেই বীজগুলো কৃষকদের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেগুলো বিতরণ না করে কীভাবে একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাঁদের মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো তিনি মাদ্রাসায় রেখে দিয়েছিলেন। ব্যস্ততার কারণে অবশিষ্ট বীজ আর বিতরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা ১৩ বস্তা বীজ পরে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD