Logo

শহরজুড়ে বোমা আতঙ্ক, বক্স খুলে মিলল বঙ্গবন্ধুর ভাষণ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১৫ আগস্ট, ২০২৬, ১৩:২৯
শহরজুড়ে বোমা আতঙ্ক, বক্স খুলে মিলল বঙ্গবন্ধুর ভাষণ
ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বোমাসদৃশ বক্স ঝুলিয়ে রাখার ঘটনায় শনিবার (১৫ আগস্ট) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তিনটি বক্স উদ্ধার করা হয়। তবে পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, এগুলো বোমা নয়; সাউন্ড বক্স আকৃতির বস্তু।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে এসব বক্সের সন্ধান পাওয়া যায়। বক্সগুলো তারের সঙ্গে সংযুক্ত থাকায় প্রথমে স্থানীয়দের মধ্যে বিস্ফোরক থাকার আশঙ্কা তৈরি হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান পথচারীরা। দেখতে অস্বাভাবিক হওয়ায় সেটিকে বোমা বলে সন্দেহ করেন অনেকে।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

সাধারণ মানুষের সহায়তায় বক্সটি বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়। এরপর সতর্কতার সঙ্গে ব্যাটারির সঙ্গে সংযুক্ত তার বিচ্ছিন্ন করা হয়।

পরে বক্সটি খুলে দেখা যায়, এর ভেতরে বোমা বা বিস্ফোরক নয়, বরং সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র রয়েছে।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বক্স উদ্ধারের পর শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বস্তু থাকার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

পুলিশ পরে কোর্ট মোড় থেকে একটি বক্স উদ্ধার করে। পার্কের সামনের বক্সটিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরিয়ে নেন।

স্থানীয় পথচারীদের কয়েকজন জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে থাকা বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ প্রচার হতে শোনা যায়। বিষয়টি ঘিরেও এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বক্সটি সরিয়ে নেয়।

উদ্ধার করা তিনটি বক্সই পরে থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানিয়েছেন, এসব বস্তু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এগুলো কোনো বোমা বা বিস্ফোরক নয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা বস্তুগুলো থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব বক্স সেখানে কারা স্থাপন করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

১৫ আগস্টকে কেন্দ্র করে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে একই ধরনের বক্স স্থাপনের ঘটনায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও পুলিশের বক্তব্যে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD