Logo

পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
১৯ আগস্ট, ২০২৬, ১৪:২০
পূবাইলে ডাকাতির লুটের মোবাইলসহ আসামি গুলিস্তান থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে অভিযান চালিয়ে রবিন আহমেদ (১৯) নামের এক সন্দিগ্ধ আসামিকে ঢাকার গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ভিভো ওয়াই-০৫ মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৬ আগস্ট পূবাইল থানায় এফআইআর নম্বর-০৪ অনুযায়ী দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলা করা হয়। মামলার পর থেকে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

এরই ধারাবাহিকতায় পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ী ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তদন্তের একপর্যায়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া ভিভো ওয়াই-০৫ মোবাইল ফোনটির অবস্থান রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় শনাক্ত করা হয়।

পরে মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মামলার বাদী ও মোবাইল ফোনের মালিক মোসাইদ আহমেদকে সঙ্গে নিয়ে পল্টন মডেল থানার আওতাধীন গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। গুলিস্তান পাতাল মার্কেটের ৭ নম্বর গেটসংলগ্ন ফুটপাতে থাকা একটি ভাসমান মোবাইলের দোকানে অভিযান চালিয়ে রবিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর হেফাজত থেকে কালো রঙের একটি ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে একই দিন রাত ৭টা ১৫ মিনিটে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রবিন আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD