শ্রমিকদের মধ্যে ভূত আতঙ্ক, আদমজী ইপিজেডে ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে রবিবারও বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (২২ আগস্ট) শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার পর রবিবার (২৩ আগস্ট) সকালে কাজে ফিরেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন শ্রমিকরা। পরে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
বিজ্ঞাপন
শ্রমিকদের মধ্যে কারখানায় ‘ভূতের আনাগোনা’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও কারখানা কর্তৃপক্ষ বলছে, পরিদর্শনে অস্বাভাবিক কোনো বিষয় তাদের নজরে আসেনি। শ্রমিকরা ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ইউনিভার্সেল মেনসওয়্যারের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একের পর এক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শনিবার সকালে শ্রমিকরা আবার কাজে যোগ দিলে শুক্রবারের মতো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য ছুটি ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানাটির তিন শ্রমিক বলেন, শুক্রবার এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে দাবি করেন। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, রবিবার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছি।
বিজ্ঞাপন
শ্রমিকদের ভূত দেখার দাবি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা অনেকে বলছেন, তারা ভূত দেখেছেন। তাদের বলা তো আর বন্ধ করতে পারি না। কিন্তু আমরা যারা সচেতন মানুষ, তারা ভূতের বিষয়টি কীভাবে বিশ্বাস করি? অসুস্থতাও কোনো একটি স্থানে হচ্ছে না; পুরো কারখানার কয়েকটি স্থানে হয়েছে। এ ছাড়া পুরো ইপিজেডের মধ্যে শুধু আমরাই শ্রমিকদের আরামের কথা চিন্তা করে কারখানায় এসি লাগিয়েছি। মূলত কী কারণে তারা অসুস্থ হচ্ছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও ৫ থেকে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইডি স্যারসহ আমরা কারখানাটিতে সরেজমিনে পরিদর্শন করেছি। সকাল থেকেই আমি সেখানে উপস্থিত ছিলাম। কারখানায় গিয়ে দমবন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি।
বিজ্ঞাপন
শ্রমিকদের মধ্যে ভূত নিয়ে আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা ভূতের কথা বলছেন। তবে বিষয়টি সচেতন মানুষের বোঝার মতো করে দেখা প্রয়োজন। শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় রবিবারও কারখানাটি বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার কারণ শনাক্ত করতে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।








