Logo

কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা, এক মাসেও মেলেনি সিসি ফুটেজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সদর, গাজীপুর
২৫ আগস্ট, ২০২৬, ১৬:২৯
কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা, এক মাসেও মেলেনি সিসি ফুটেজ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হলেও এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এখনো উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া ক্যামেরা, স্মার্টফোনসহ বিভিন্ন সরঞ্জাম।

বিজ্ঞাপন

হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের দাবি করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। এমনকি হামলার ঘটনাস্থলের পাশের একটি ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজও পুলিশ উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

গত ২৩ জুলাই কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকার একটি আটতলা ভবনের সামনে সাংবাদিক মো. জামাল আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে ১৫ থেকে ২০ জনের একটি দল তিনটি প্রাইভেটকারে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক জামালের কাছ থেকে দুটি স্মার্টফোন, একটি ক্যামেরা, দুটি প্রেস আইডি কার্ড, অফিসিয়াল লোগো ও দুটি ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় কাশিমপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। তবে ঘটনার এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ছিনিয়ে নেওয়া মালামালও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী।

সাংবাদিক মো. জামাল আহমেদ বলেন, হামলার ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশকে জানানো হলেও এখনো তারা গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হামলার ঘটনাস্থলের পাশে থাকা আটতলা ভবনের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা গেলে হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত চিত্র বের করা সহজ হতো। কিন্তু এক মাসের বেশি সময়েও ফুটেজ উদ্ধার না হওয়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা খালেদ হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো কোনো আসামিকে শনাক্ত করা যায়নি। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া ক্যামেরা, স্মার্টফোনসহ সব সরঞ্জাম উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD