কক্সবাজারে বোটডুবি, একদিন পরও নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে বোটডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক কিশোর আলবার্টের (১৬) সন্ধান একদিন পরও মেলেনি। নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, মঙ্গলবারের বোটডুবির পর থেকে আলবার্ট নামে ওই কিশোর নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় বোটটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফ (১৩)কে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া তিনজন এবং নিখোঁজ কিশোর আলবার্ট সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগরপথে নিউজিল্যান্ডের ওই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি বোট নিয়ে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হন। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বোটডুবির পর থেকেই নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগতির বোটও অভিযানে অংশ নিয়েছে। বুধবার বিকেল পৌনে ৩টা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি। সাগরের সম্ভাব্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, উদ্ধার হওয়া নিউজিল্যান্ডের একই পরিবারের তিন সদস্য বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। নিখোঁজ কিশোরের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








