ফতুল্লায় দক্ষ চালক তৈরিতে এস কে ড্রাইভিং সেন্টার উদ্বোধন

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির পাশাপাশি বেকারত্ব কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) সকালে ফতুল্লার লামাপাড়া এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষতা অর্জন ছাড়া টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ পেশাগত দক্ষতা, যা অর্জনের মাধ্যমে অনেক যুবক নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে পারেন। এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মতো উদ্যোগ দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত চালকের সংখ্যা বাড়লে দেশের পরিবহন খাত আরও গতিশীল হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় বেকারত্ব কমাতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম, জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না ও জামায়াত নেতা মজিবুর রহমান মিয়াজী।
বিজ্ঞাপন
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক নেতারা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক মিজানুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত প্রশিক্ষণের সমন্বয়ে দক্ষ চালক তৈরি করাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, শুধু ড্রাইভিং শেখানো নয়, প্রশিক্ষণার্থীদের দায়িত্বশীল ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাবে। নিরাপদ সড়ক ব্যবস্থা ও দক্ষ পরিবহন খাত গড়ে তুলতে প্রশিক্ষিত চালকের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।
বিজ্ঞাপন
তাদের প্রত্যাশা, এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের কার্যক্রম নারায়ণগঞ্জে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি বেকার যুবকদের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








