রামগড়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে খাগড়াছড়িতে ফেরার পথে রামগড়সহ জেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ম্রাসাথোয়াই মারমা। বিভিন্ন স্থানে ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করে নেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সড়কপথে খাগড়াছড়িতে প্রবেশের পর জেলার সীমান্তবর্তী এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত বিভিন্ন স্থানে তাঁকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানানো হয়। এ সময় সাধারণ মানুষের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফটিকছড়ি সীমান্ত অতিক্রমের পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরোমাইলসহ বিভিন্ন স্থানে স্থানীয়রা জড়ো হন। পরে তাঁরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ অংশ নেন। তাঁরা নতুন চেয়ারম্যানের দায়িত্বকাল সফল ও জেলার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ম্রাসাথোয়াই মারমা বলেন, “আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি নিরপেক্ষ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
এ সময় তাঁর সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, রিপল চাকমা ও ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পরে ম্রাসাথোয়াই মারমা খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে পৌঁছালে সেখানেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা নবনিযুক্ত চেয়ারম্যানের সাফল্য কামনা করেন। একই সঙ্গে খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।








