ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে গত ৫ আগস্ট কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এরই ধারাবাহিকতায় সড়কের বাবনি এলাকায়ও বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে লাগানো প্রায় ৩৫টি চারা মাটির ওপর থেকে উপড়ে ফেলে। একই সঙ্গে চারাগুলো রক্ষায় দেওয়া সুরক্ষাবেষ্টনীও নষ্ট করে দেওয়া হয়।
বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে উপড়ে পড়ে থাকা গাছের চারা ও ভাঙা সুরক্ষাবেষ্টনী দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
বিজ্ঞাপন
কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছিল। রাতের আঁধারে গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
বিজ্ঞাপন
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাছের চারাগুলো বড় হলে একদিকে যেমন এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা হতো, অন্যদিকে সড়কের সৌন্দর্যও বাড়ত। এভাবে রাতের আঁধারে গাছের চারা নষ্ট করার ঘটনায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া চারাগুলোর স্থানে নতুন করে গাছের চারা রোপণের দাবি জানিয়েছেন।








