Logo

সাফারি পার্কে মা-ছেলেদের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
৩০ আগস্ট, ২০২৬, ১৪:৩৭
সাফারি পার্কে মা-ছেলেদের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে বেড়াতে গিয়ে এক নারী ও তাঁর দুই কিশোর ছেলে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোর সাফারির মিনিবাসের আসন অপরিষ্কার থাকাকে কেন্দ্র করে পার্কের কর্মচারীদের সঙ্গে কথা-কাটাকাটির পর পার্ক থেকে বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত তিনজন হলেন সালমা মোস্তারী (৪৪) এবং তাঁর দুই ছেলে জারিফ (১৫) ও মাহিম (১৭)। একই সঙ্গে তাঁদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পার্কের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। তবে পার্ক কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় তাদের কয়েকজন কর্মচারীও আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন সালমা মোস্তারী। অভিযোগে চন্দন কুমার, মাসুদ রানা ও ধনজয় ধনার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দুই ছেলেকে সঙ্গে নিয়ে গাজীপুর সাফারি পার্কে যান সালমা মোস্তারী। কোর সাফারি ঘুরতে নির্ধারিত টিকিট নিয়ে মিনিবাসে ওঠেন তাঁরা। গাড়িতে ওঠার পর সালমা দেখতে পান, কয়েকটি আসনে ময়লা, কাগজ ও পলিথিন পড়ে রয়েছে। বিষয়টি তিনি মিনিবাসের দায়িত্বে থাকা এক কর্মচারীকে জানান।

বিজ্ঞাপন

এ নিয়ে ওই কর্মচারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় বলে অভিযোগ করেন সালমা। পরে তাঁর দুই ছেলে মায়ের পক্ষে কথা বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় মিনিবাসে থাকা অন্য কয়েকজন দর্শনার্থীও আসন অপরিষ্কার থাকার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন বলে তিনি জানান।

সালমার অভিযোগ, কোর সাফারি শেষে মিনিবাস থেকে নামার সময় কয়েকজন কর্মচারী তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁর দুই ছেলেকে টেনেহিঁচড়ে পার্কের একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁকেও গালাগাল করা হয়েছে বলে জানান সালমা।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় তাঁদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এর মধ্যে একটি মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সালমা। পরে মা ও দুই ছেলেকে কয়েক ঘণ্টা অফিসকক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার পর আহত অবস্থায় তিনজন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে শনিবার রাতে শ্রীপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন সালমা মোস্তারী।

তিনি বলেন, পরিবার নিয়ে সরকারি একটি বিনোদনকেন্দ্রে বেড়াতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তাঁরা ভাবেননি। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে গাজীপুর সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ঘটনার সময় তিনি পার্কেই ছিলেন এবং বিষয়টি জানার পর ভুক্তভোগী দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছেন। পরে তাঁদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, পুরো ঘটনার জন্য এক পক্ষকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। পার্কের কর্মচারীদেরও কোনো ভুল থাকতে পারে। তবে ঘটনার সময় তাঁদের কয়েকজন কর্মচারীও আহত হয়েছেন। এ ঘটনায় পার্ক কর্তৃপক্ষও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, দর্শনার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সরকারি এই বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের সঙ্গে কর্মচারীদের বিরোধ এবং মারধরের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা, কর্মচারীদের আচরণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা আরও স্পষ্ট হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD