Logo

সার মজুদের অনিয়মে কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৭
সার মজুদের অনিয়মে কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সারের বাজারে অনিয়ম ও কৃত্রিম সংকট ঠেকাতে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে দুটি মামলা করা হয়। এর মধ্যে প্রকাশ ট্রেডার্সের নির্মল দাসকে ১ লাখ টাকা এবং মেসার্স এস এস করপোরেশনের শরীফ ভূঁইয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে সরেজমিন উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় বেঞ্চ সহকারী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশের সদস্য এবং সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যাতে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষকদের অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD