Logo

বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫০
বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এমদাদুল হক সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।

বক্তব্যে কাজী দবির উদ্দিন বলেন, বিএনপির দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। তাদের ঐক্যবদ্ধ করেই বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলের মধ্যে বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পাভেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদল নেতা গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা এসময় বলেন, বাঞ্ছারামপুরে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

শোভাযাত্রা ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD